শেরপুরে মন্দিরের সরস্বতী প্রতিমা ভাঙচুর
শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার প্রাচীন মাধবপুর ক্লাবের পূজামন্দিরে রক্ষিত সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গত শুক্রবার দিবাগত গভীর রাতে ওই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মাধবপুর ক্লাবের সভাপতি দিলীপ কুমার পাল জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ৭৭ বছরের প্রাচীন এ মন্দিরে হিন্দু সম্প্রদায় পূজা-অর্চনা করে আসছে। কিন্তু এ পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যেই রাতের আঁধারে মন্দিরে ঢুকে সেখানে রক্ষিত সরস্বতী প্রতিমা ভাঙচুর করে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। প্রতিমা ভাঙচুরের খবর পাওয়ার পর গতকাল শনিবার সকালে শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।