শেরপুরে মহাসড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার ধুনট রোড এলাকায় মহাসড়কের ওপর স্থাপন করা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। প্রায় এক মাস ধরে খুঁটিটি হেলে পড়লেও সংশ্লিষ্ট বিভাগ তা মেরামতের কোনো উদ্যোগই নিচ্ছে না। এ অবস্থায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

স্থানীয় মোটর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, হেলেপড়া খুঁটিটি দ্রুত অপসারণ করা না হলে যেকোনো সময় দূরপাল্লাগামী যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে বড় ধরনের জীবনহানি ঘটতে পারে।

শেরপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত সাত-আট হাজার যানবাহন চলাচল করে। প্রায় এক মাস আগের এক রাতে কোনো একটি গাড়ির ধাক্কায় খুঁটিটি হেলে পড়ে। তারপর থেকে সেভাবেই আছে। এখন যানবাহন চলাচলে স্টিলের তৈরি বৈদ্যুতিক খুঁটিটি বিপজ্জনক হয়ে পড়েছে।

শেরপুর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ উদ্দিন আহমেদ বলেন, তিনি পৌরসভার প্রকৌশল বিভাগকে বিষয়টি অবগত করেছেন।