শেরপুরে মাটি খননে মিলল পুরাকীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ী গ্রামে গত সোমবার মাটি খননের সময় পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে। পরে থানার পুলিশ আটটি মূর্তি ও একটি সিঁড়ির অংশবিশেষ উদ্ধার করে।
স্থানীয় ব্যক্তিরা জানান, এসব পুরাকীর্তি সেন বংশের রাজা বল্লাল সেনের আমলের বলে ধারণা করা হচ্ছে। তাঁরা শুনেছেন, ওই উঁচু ভিটার নিচে একসময় রাজবাড়ী ছিল।
সোমবার বিকেলে রাজবাড়ী গ্রামে গেলে দেখা যায় কয়েক শ নারী-পুরুষের ওই স্থানে ভিড়। এ সময় থানার পুলিশের একটি দলকে সেখানে কাজ করতে দেখা যায়।
রাজবাড়ী গ্রামের বাসিন্দা নফেল উদ্দিন (৬৫) বলেন, তিনি প্রায় ২৫ বছর আগে সাড়ে তিন বিঘার এই জমি কিনেছিলেন। জমিটি পাশের জমি থেকে অপেক্ষাকৃত উঁচু হওয়ায় সেচকাজে সমস্যা হচ্ছিল। এ জন্য তিনি উঁচু জমির মাটি স্থানীয় শাহবন্দেগী ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নানের কাছে বিক্রি করেন। সাত দিন ধরে সেখানে মাটি কাটার কাজ চলছিল। একপর্যায়ে গত সোমবার বিকেলে এসব পুরাকীর্তি বেরিয়ে আসে।
ইউপি সদস্য আবদুল হান্নান বলেন, তিনি ৫০ হাজার টাকা জমির মালিককে দিয়ে মাটি কিনে নিয়েছিলেন। যন্ত্র দিয়ে মাটি কাটার সময় এসব পুরাকীর্তি পাওয়া যায়। পরে তিনি বিষয়টি থানার পুলিশকে জানান। পুলিশ এসে পুরাকীর্তিগুলো উদ্ধার করে নিয়ে যায়।
গ্রামের বৃদ্ধা আনোয়ারা খাতুন বলেন, এখানে রাজা বল্লাল সেনের বাড়ি ছিল বলে তিনি লোকমুখে শুনেছেন। বৃষ্টি হলে অথবা মাটি খুঁড়লে অনেক সময় পুরাতন মুদ্রা, থালাবাসন, দেবদেবীর পুরাকীর্তি ও স্বর্ণালংকারের অংশবিশেষ উঠে আসে। প্রায় ৪০ বছর ধরে তিনি এমনটা দেখে আসছেন।
শেরপুর ডি জে উচ্চবিদ্যালয়ের শিক্ষক তাপস বসাক বলেন, ওই পুরাকীর্তির স্থানটি অধিগ্রহণ করে প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে খনন করা হলে নতুন প্রজন্মের কাছে এটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠতে পারে।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হচ্ছে।