শেরপুরে মাদক ও জুয়া বন্ধে মানববন্ধনসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মাদকের কবল থেকে তরুণসমাজকে রক্ষায় এলাকায় মাদক বিক্রি ও জুয়া খেলা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার এবং আগের দিন সোমবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে৷ উপজেলা সদর ও উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের খন্দকারটোলা এলাকায় এসব কর্মসূচি পালিত হয়৷
উপজেলা সদরের স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে গতকাল বিকেলে মানববন্ধন ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের স্থানীয় সংগঠন শিশু-কিশোর মেলা। এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসদ নেতা রঞ্জন কুমার দে, শীতল সাহা, রাসেল আহমেদ, জয়দেব কুমার, কাওছার আহমেদ। এর আগের দিন গত সোমবার খন্দকারটোলা এলাকায় বেলা ১০টায় শাহবন্দেগি ইউনিয়নের খন্দকারটোলা, সাধুবাড়ী ও মামুরশাহী গ্রামের বাসিন্দারা মাদকের বিস্তার রোধের দাবিতে এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেন৷ স্থানীয় খন্দকারটোলা সচেতন যুব সংঘ এ কর্মসূচির আয়োজন করে৷
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, জুয়া ও মাদক রোধে এ অভিযান আরও জোরদার করা হবে৷