শেরপুরে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর সদরে এক দিন আগেই এক সুধী সমাবেশে উপজেলায় অবাধে মাদক বিক্রি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার অনুরোধ করেছিলেন বক্তারা। পরদিন গতকাল রোববারই উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের মাদকের একটি আস্তানা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।

সড়কের পাশে সরকারি খাসজমিতে স্থানীয় এক ইউপি সদস্যের মদদে এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার উপস্থিতিতে গতকাল বিকেল তিনটায় পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন আস্তানাটি গুঁড়িয়ে দেন।

গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন উপজেলার মাদকসেবী এবং যৌনকর্মীরা নিয়মিত এখানে আসা-যাওয়া করত। এই আস্তানার কারণে গ্রামের মেয়েরা রাস্তাটি দিয়ে স্কুলে যাতায়াত করতেও ভয় পেত।

আস্তানাটি গুঁড়িয়ে দেওয়ার পর গতকাল সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের এই ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ও তা সেবনের সরঞ্জাম। সেই সঙ্গে শক্তিবর্ধক বিভিন্ন পানীয়। ঘরের মধ্যে দুটি বিছানা। আর তার পাশেই পড়ে আছে দেশীয় ধারালো অস্ত্র। আস্তানাটি গুঁড়িয়ে দিয়ে এলাকাবাসীকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল মামুন বলেন, তাঁর ইউনিয়নের তৎকালীন ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছবদের আলীর নেতৃত্বে প্রায় ১০ বছর আগে এই আখড়াটি গড়ে ওঠে। ছবদের আলীর বাড়ি এ গ্রামে।

যোগাযোগের চেষ্টা করা হলে ছবদের আলীকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তাঁর ছেলে আবদুর রাজ্জাক বলেন, তাঁর বাবার এ ধরনের আচরণের জন্য তাঁদেরও ছোট হতে হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বলেন, সড়কের পাশে এভাবে প্রকাশ্যে মাদকের আস্তানা তিনি জীবনে প্রথম দেখলেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ছবদের আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শনিবার বেলা ১১টায় শেরপুর সদরের সাউদিয়া পার্ক সিটি চত্বরে এক সুধী সমাবেশ হয়। সেখান থেকে উপজেলায় অবাধে মাদকদ্রব্য বিক্রি নিয়ে উদ্বেগ এবং তা বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার অনুরোধ জানান বক্তারা। শেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এ কে এম সরোয়ার জাহান, মজিবর রহমান, জানে আলম খোকা, দবিবুর রহমান, আরিফুর রহমান, সালমা ইসলাম, স্বাধীন কুমার কুণ্ডু, আবদুস সাত্তার, আহসান হাবিব আম্বীয়া, পিয়ার হোসেন, আবদুস সাত্তার, মোকারিম হোসেন, নিমাই ঘোষ প্রমুখ।