শেরপুরে মাদ্রাসায় নির্মাণ করা হলো শহীদ মিনার
বগুড়ার শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ‘শহীদ মিনার’ নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের ভাষ্যমতে, উত্তরাঞ্চলে মাদ্রাসা শিক্ষাঙ্গনে এটিই প্রথম শহীদ মিনার। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নবনির্মিত এই শহীদ মিনার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাংসদ হাবিবর রহমান। প্রধান অতিথি শহীদ মিনারের ফলক উন্মোচন করেন এবং ফুল দিয়ে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাদ্রাসার শিক্ষক মোহামঞ্চদ আলী বলেন, ‘আমার জানামতে, উত্তরাঞ্চলে কোনো মাদ্রাসায় শহীদ মিনার নেই। শেরপুরের এটিই এই অঞ্চলের মাদ্রাসা শিক্ষাঙ্গনে প্রথম শহীদ মিনার।’মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমাদ আলী বলেন, শহীদ মিনার নির্মাণে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্তে এটি নির্মাণ করা হয়েছে।