শেরপুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বাঙালি হিন্দুসম্প্রদায়ের সর্বজনীন এই ধর্মীয় উৎসব ঘিরে এখন মন্দির-মণ্ডপগুলোতে চলছে সার্বক্ষণিক ব্যস্ততা। দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বরণ করতে সর্বত্র সাজ সাজ রব। প্রতিমা নির্মাণে মৃৎশিল্পীদের চোখে ঘুম নেই। দিনেও অবসর নেওয়ার সুযোগ নেই। মৃৎশিল্পীদের এখন রাত-দিন একাকার।পাশাপাশি পূজামণ্ডপ, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা নিয়ে ব্যস্ত কারিগরেরা। এভাবেই শেরপুর সদর উপজেলার ৫৭টিসহ জেলার ১২৫টি পূজামণ্ডপে এখন চলছে দুর্গোৎসবের প্রস্তুতিমূলক নানা আয়োজন।আগামীকাল বৃহস্পতিবার দুর্গাদেবীর আবাহন বা মহালয়া। তারপর ১৩ অক্টোবর রোববার ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।গতকাল বুধবার জেলা শহরের কয়েকটি পূজামণ্ডপে গিয়ে দেখা গেছে, দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই অধিকাংশ মণ্ডপে দুর্গা প্রতিমাসহ অন্যান্য প্রতিমা নির্মাণের মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি কয়েকটি মণ্ডপে পোশাক-পরিচ্ছদ পরিধানসহ প্রতিমা রং করার কাজও চলছে। শ্রদ্ধা আর ভালোবাসার আবেগ নিয়ে রাত-দিন কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা।সদর উপজেলার বয়ড়া পালপাড়া গ্রামের মৃৎশিল্পী বাবু পাল বলেন, তিনি ও তাঁর তিন সহযোগী মিলে আটটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যেই সব কটি প্রতিমার মাটির কাজ শেষ হয়ে গেছে। এখন প্রতিমার গায়ে পোশাক পরিধান ও রং দেওয়ার কাজ শুরু হয়েছে।মৃৎশিল্পী জয়দেব পাল জানান, মশার কামড় খেয়ে ও রাত জেগে প্রতিমা তৈরির কাজ করছেন। যেকোনো উপায়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করে দিতে হবে।