শেরপুরে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা
‘ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্কই শুধু নয়, এখানে আর্থসামাজিক সম্পর্কটিও যাতে মজবুত করা যায়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। আর এ জন্য সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন করতে হবে।’ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা গতকাল শুক্রবার বিকেলে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ঢাকায় অনুষ্ঠিত ইন্দো-বাংলা বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও-ডালু সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে তিনি শেরপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। ড. মুকুল সাংমা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভারতের মেঘালয় রাজ্যের ডালু সীমান্ত ঘেঁষে ত্রিপুরা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। এর ফলে বাংলাদেশের নাকুগাঁও স্থলবন্দরসহ অন্যান্য অঞ্চলে যোগাযোগব্যবস্থা সম্প্রসারিত হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমাকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।