শেরপুরে মোটর মালিক গ্রুপের কার্যালয় দখল!
বগুড়া জেলার নিয়ন্ত্রণাধীন শেরপুর মোটর মালিক গ্রুপের শাখা কার্যালয় জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।শেরপুর মোটর মালিক গ্রুপের শাখা কার্যালয়ের এক কর্মকর্তা অভিযোগ করেন, স্থানীয় উপজেলা যুবলীগের আহ্বায়ক বদরুল ইসলাম পোদ্দার ওরফে ববির নেতৃত্বে গত শনিবার কার্যালয়টি দখল করে নেওয়া হয়।শেরপুর শাখা কার্যালয়ের সাধারণ সম্পাদক লক্ষ্মণ সাহা জানান, জেলা মোটর মালিক গ্রুপের নির্দেশমতে তাঁরা নিয়মতান্ত্রিকভাবেই কার্যালয়টি পরিচালনা করে আসছিলেন। শনিবার বদরুল ইসলাম পোদ্দারের নেতৃত্বে একটি অবৈধ কমিটি গঠন করে জোরপূর্বক কার্যালয়টি দখল করে নেওয়া হয়।একই সংগঠনের সভাপতি নূরুল ইসলাম জানান, বদরুল ইসলাম পোদ্দার এই সংগঠনের সদস্য হলেও গায়ের জোরে এমন কাণ্ড ঘটিয়েছেন, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী।বদরুল ইসলাম পোদ্দার জানান, বিগত দিনে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের অনিয়ম ও দুর্নীতির কারণে শেরপুরের মোটর মালিকদের সমর্থনে শেরপুর শাখা কার্যালয়ের নতুন করে গত শুক্রবার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে তিনি আহ্বায়ক এবং আরেক মোটর মালিক বিপ্লব দত্তকে সদস্যসচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান জানান, শেরপুর শাখা কার্যালয়টি জেলা কমিটির নির্দেশেই পরিচালিত হয়। যাঁরা কার্যালয়টি গায়ের জোরে দখল করে আহ্বায়ক কমিটি গঠন করেছেন, তাঁরা সম্পূর্ণ অবৈধ এবং গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন।