শেরপুরে রাতভর বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর ভেঙে পড়া গাছের ডাল অপসারণ না করায় উপজেলার শহর ও শহরতলি এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে ওই এলাকাগুলোর পিডিবির ২৫ হাজার গ্রাহককে রাতভর দুর্ভোগে পোহাতে হয়।
গত বৃহস্পতিবার রাত ১১টায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সময় শেরপুর পিডিবির বিদ্যুতের সরবরাহ লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ ১১ ঘণ্টা পর গত শুক্রবার সকাল ১০টায় পুনরায় বিদ্যুতের সংযোগ স্বাভাবিক হয়।
পিডিবির স্থানীয় ১০ গ্রাহক অভিযোগ করেন, সংশ্লিষ্ট কার্যালয়ে কর্মরত ব্যক্তিদের দায়িত্বে অবহেলায় তাঁদের ওই রাতে বিদ্যুৎহীন হয়ে দুর্ভোগ পোহাতে হয়। রাতে স্থানীয় পিডিবির কার্যালয়ে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। এমনকি যোগাযোগের জন্য কার্যালয়ে থাকা ল্যান্ডফোনও বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় পিডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টায় বৃষ্টি ও দমকা হাওয়ায় বগুড়া গ্রিড থেকে শেরপুরে সরবরাহ করা ৩৩ কেভি সংযোগ লাইন বন্ধ হয়ে যায়। গতকাল সকাল আটটায় পিডিবির লোকজন জানতে পারেন জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় সংযোগ লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়েছে।
অবশ্য কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল হামিদ দাবি করেন, বৃহস্পতিবার রাতে তাঁরা বগুড়া গ্রিড থেকে শেরপুরে আসা ৩৩ কেভি সঞ্চালন লাইনে ত্রুটি খুঁজে পাননি। তাই রাতে শেরপুরে পিডিবির বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।