শেরপুরে লোডশেডিং, অতিষ্ঠ মানুষ
বগুড়ার শেরপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রায় ১৮ হাজার গ্রাহক। উপজেলা চালকল মালিক সমিতি থেকে দাবি করা হয়েছে, এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, বাজারে বাড়ছে চালের দাম। টাউন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) টিপু সুলতান বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে লোকজনের মধ্যে ক্ষোভ বাড়ছে। লোডশেডিং হলেই শহরের আইনশৃঙ্খলার অন্যান্য কাজ ফেলে বিদ্যুৎ কার্যালয় রক্ষায় ছুটে যেতে হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শেরপুরের উপসহকারী প্রকৌশলী আবদুল খালেক বলেন, ঢাকায় সিস্টেম মনিটরিং কক্ষ থেকে শেরপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পাশাপাশি প্রতিদিনই বগুড়ার গ্রিড থেকে এবং স্থানীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে লোডশেডিং করা হচ্ছে। এ ছাড়া স্থানীয়ভাবে নানা ত্রুটির কারণেও সরবরাহ বন্ধ রাখতে হয়। পিডিবি সূত্র জানায়, শেরপুরে পিডিবির আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে প্রায় সাড়ে ১৭ হাজার গ্রাহক রয়েছেন। ভারী ও মাঝারি শিল্প-কারখানা রয়েছে প্রায় ৬০০। শেরপুর বিদ্যুৎ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার (২৫ আগস্ট) ২৪ ঘণ্টায় ঢাকা থেকে নয়বারে মোট ১১ ঘণ্টা ৫১ মিনিট সরবরাহ বন্ধ ছিল। পাশাপাশি চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই চারটি ফিডারে স্থানীয়ভাবে লোডশেডিং করতে হয়েছে। শেরপুর পৌরসভার দক্ষিণ সাহাপাড়া মহল্লার সুব্রত সাহা জানান, ওই তিন ধরনের লোডশেডিংয়ের মধ্যে তাঁদের সারা বছর কাটাতে হচ্ছে। ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, বর্তমানে প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল হামিদ বলেন, এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উপজেলায় শত শত চালকলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি দু-তিন টাকা। পাশাপাশি উপজেলার চালকলের প্রায় পাঁচ হাজার শ্রমিকের আয় কমে যাওয়ায় তাঁরা কষ্টে দিন কাটাচ্ছেন। পিডিবি শেরপুরের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবু হেনা মোস্তফা কামাল জানান, স্থানীয়ভাবে লোডশেডিং কমানোর জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এতে কাজ হয়নি। তিনি জানান, শেরপুরে ১০ থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে চার থেকে ছয় মেগাওয়াট। এ কারণে লোডশেডিং বাড়ছে।