শেরপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ
শেরপুরের শ্রীবরদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘লোকাল ভয়েজ’। আজ বুধবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, শ্রীবরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুর বিতরণ বিভাগ থেকে চাহিদানুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। ফলে দিনে ও রাতে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হয়। এর ফলে রোজাদারসহ এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এর প্রতিবাদে আজ লোকাল ভয়েজের উদ্যোগে এলাকাবাসী শ্রীবরদী পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। পরে সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ-সমস্যার সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শ্রীবরদীর আবাসিক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে শ্রীবরদীতে সদ্য নির্মিত সাব-স্টেশনটি চালু হলে লোডশেডিং কমে যাবে।
শ্রীবরদী ইউএনও বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আবাসিক প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন।