শেরপুরে লড়াই হবে নবীনে-প্রবীণে!
শেরপুর সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, বিএনপি-সমর্থিত জেলা বিএনপির সহসভাপতি মো. আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আখতারুজ্জামান, জাসদ (ইনু) সমর্থিত নূর মোহাম্মদ ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবদুস সালাম। তবে এই মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের তরুণ নেতা হুমায়ুন কবীর ও বিএনপির প্রবীণ নেতা আবদুর রাজ্জাকের মধ্যে মূল লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন।নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা সূত্রে জানা গেছে, হুমায়ুন কবীর এইচএসসি পাস, আবদুর রাজ্জাক ও আবদুস সালাম স্নাতক পাস, আখতারুজ্জামান ও নূর মোহাম্মদ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি প্রতিদিন বিভিন্ন পথসভায় বক্তৃতা করছেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান। আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীর সঙ্গে শেরপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও হুমায়ুন কবীরের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের অপর একটি অংশ নির্বাচনে তাঁর বিরোধিতা করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী জানিয়েছেন। হুমায়ুন কবীর বলেন, তিনি নির্বাচিত হলে শেরপুর পৌরসভার বর্তমান উন্নয়নধারা অব্যাহত রাখবেন এবং শেরপুর জেলা শহরকে আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেবেন।বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রাজ্জাক ১৯৯৩ সালে শেরপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে শেরপুর পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেরপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হককে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি। মেয়র পদপ্রার্থী আবদুর রাজ্জাক বলেন, নির্বাচিত হলে তিনি শেরপুরকে মাদক ও যানজটমুক্ত করবেন। জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে পৌরবাসীকে সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদানের জন্য সর্বাত্মক কাজ করে যাবেন।এদিকে নিজেকে আওয়ামী লীগের মেয়র পদে প্রার্থী দাবি করে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আখতারুজ্জামান বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচিত হলে শেরপুরকে একটি মডেল পৌর শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন তিনি।