শেরপুরে শিক্ষার্থী আকাশের মৃত্যুর ঘটনায় মামলা, বিক্ষোভ মিছিল
বাসশ্রমিকদের হামলায় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আকাশ আকন্দের মৃত্যুর ঘটনায় গত সোমবার রাতে শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নজরুল ইসলাম বাদী হয়ে বাসশ্রমিক মোস্তফা, হোসেন ফকির, দুলাল ও হাফেজসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে এ মামলা করেন। নিহত আকাশের মরদেহ গতকাল বিকেলে জামালপুর সদর উপজেলার বাওরামারী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হয়। আকাশের মৃত্যুর ঘটনায় জড়িত বাসশ্রমিকদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবিতে শেরপুর সরকারি কলেজ, শহীদ আবদুর রশিদ কমার্স কলেজ, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি দেন।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেছেন, নিহত আকাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।জেলা প্রশাসক নাসিরুজ্জামান বলেন, আকাশের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, ৩ জানুয়ারি সকালে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষে আকাশসহ ১০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত আকাশ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা যান।