শেরপুরে শিবিরের হামলায় দুই পুলিশ আহত, গ্রেপ্তার ৩
বগুড়ার শেরপুর উপজেলায় জামায়াত-শিবিরের হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮০-১০০ জনের বিরুদ্ধে গত রোববার রাতে দ্রুত বিচার আইনে শেরপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রফিকুল ইসলাম (৪০) এবং শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট আবু রায়হান (২৫) ও শহিদুল ইসলাম (২০)।মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শহরের করতোয়া মার্কেটের সামনে সমবেত হয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। এ সময় মিছিলে বাধা দিলে তাঁরা টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ও ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. শাহিনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন। এ ছাড়া মোটরসাইকেলসহ দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। তবে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা দবিবুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, এই মিছিলে জামায়াতের কেউ ছিলেন না।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, এজাহারভুক্ত সব আসামিসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।