শেরপুরে শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত বুধবার রাতে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ২৫ গ্রামের কৃষক ক্ষতির শিকার হয়েছেন।
কৃষকদের ভাষ্যমতে, ১৫ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ কমপক্ষে দেড় শ বিঘা জমির পটোল, শসা, করলা ও ঝিঙের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান জানান, সুঘাট, খানপুর ও সীমাবাড়ী ইউনিয়নে কৃষকদের ক্ষতির পরিমাণ নিরূপণে তাঁদের দপ্তরের লোকজন মাঠে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সুঘাট ইউনিয়নে গেলে সাতারা গ্রামের কৃষক আসলাম হোসেন বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে তাঁদের গ্রামসহ পার্শ্ববর্তী গোয়ালজানি, শঠিবাড়ী, জয়লা, কাশিয়াবালা, ভাটরা, খানপুর, বিনোদপুর, কল্যাণী, জয়নগর, বেটখৈরসহ কমপক্ষে ২৫ গ্রামের ৭০০ বিঘা বোরো ধানের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাতারা গ্রামের কৃষক সোলায়মান আলী বলেন, তিনি পাঁচ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। গাছের শীষও বের হয়েছিল। কিন্তু শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এবার তিনি এক মণ ধানও ঘরে তুলতে পারবেন না। ধান চাষে তাঁর বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় চার হাজার টাকা।
সাতারা চকরাজিব গ্রামের সবজিচাষি আবদুস সোবাহান জানান, শিলাবৃষ্টিতে তাঁর এক বিঘা জমির শসা ও আধা বিঘা জমির করলা সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। এবার তিনি খেতের সবজি বিক্রি করতে পারলে কমপক্ষে এক লাখ টাকা আয় করতে পারতেন।