শেরপুরে শিশু রাহাত হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আলোচিত শিশু আরাফাত ইসলাম ওরফে রাহাত (৮) হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ও রাহাতের খালু মো. আবদুল লতিফ (২১), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রবিন মিয়া (২০) এবং সদর উপজেলার হেরুয়া নিজপাড়া গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে মো. আসলাম বাবু (২২)। আর নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেনকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা বর্তমানে শেরপুর জেলা কারাগারে আছেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
আরাফাত শেরপুর জেলা শহরের গৃদানারায়ণপুর এলাকার কাঠের আসবাব ব্যবসায়ী মো. শহিদুল ইসলামের ছেলে। সে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া লতিফ ও আসলাম বাবু পরস্পরের সহপাঠী ও বন্ধু। দুই লাখ টাকা মুক্তিপণের আশায় তাঁরা দুজন আরাফাতকে অপহরণের পরিকল্পনা করেন। সহযোগী হিসেবে তাঁদের আরেক বন্ধু দণ্ডাদেশপ্রাপ্ত রবিনকে সঙ্গে নেন। এরপর গত বছরের ২ আগস্ট বেলা আড়াইটার দিকে আরাফাত গৃদানারায়ণপুর এলাকার বাসা থেকে বের হলে তাঁরা তাকে (আরাফাত) অপহরণ করেন। পরে মুঠোফোনে আরাফাতের বাবা শহিদুলের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু শহিদুল ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ আরাফাতকে উদ্ধারে তৎপর হয়। অবস্থা বেগতিক দেখে ওই দিনই আরাফাতকে নিয়ে আসলাম প্রথমে নালিতাবাড়ীর নন্নী গ্রামের সার ব্যবসায়ী ইমরানের দোকানে যান। পরে লতিফের নির্দেশে আসলাম নালিতাবাড়ীর গারো পাহাড়ের বুরুঙ্গা এলাকায় নিয়ে শ্বাসরোধে আরাফাতকে হত্যা করেন এবং লাশ পাহাড়েই ফেলে রেখে পালিয়ে যান। ৮ আগস্ট গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বুরুঙ্গা পাহাড়ের চূড়া থেকে পুলিশ আরাফাতের গলিত লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আরাফাতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লতিফ, রবিন, আসলাম বাবু ও ইমরান হোসেনের বিরুদ্ধে সদর থানায় অপহরণপূর্বক হত্যা মামলা দায়ের করেন। দণ্ডাদেশপ্রাপ্ত সব আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল আহমদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে গত ২১ জানুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহম্মেদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭, ৮ ও ৩০ ধারায় অভিযুক্ত করে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করেন আদালত।
রায় শুনে আরাফাতের বাবা শহিদুল ও মা রিনা বেগম পুত্রশোকে কান্নায় ভেঙে পড়েন। এ সময় রায়ে সন্তোষ প্রকাশ করেন শহিদুল।