শেরপুরে শিশুকে ধর্ষণের অভিযাগে ক্লিনিক ব্যবস্থাপক গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে অসুস্থ এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে স্থানীয় একটি ক্লিনিকের ব্যবস্থাপকসহ সহযোগী আয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শেরপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় হাসপাতাল সড়কের আল-রাজী ক্লিনিকের ব্যবস্থাপক আশরাফ আলী (২৬) ও আয়া মিনা খাতুন (৪৫)। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আশরাফ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জন্তীপুর গ্রামের বাসিন্দা। দুই বছর ধরে তিনি ওই ক্লিনিকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন৷ আর মিনা খাতুনের বাড়ি উপজেলার মহিপুর কলোিন গ্রামে৷
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাসিন্দা ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী৷
শিশুটির মা বলেন, সপ্তাহ খানেক আগে ওই ক্লিনিকে তাঁর মেয়ের অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করা হয়৷ ওই ক্লিনিকে চিকিৎসা নেওয়ার সময় ব্যবস্থাপক তাঁদের প্রতি বেশ সহানুভূতিশীলও ছিলেন৷ সেই সূত্রে তাঁর সঙ্গে দরিদ্র এ পরিবারটির একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে৷
শিশুটির মা আরও জানান, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর মুঠোফোনে ব্যবস্থাপক ফোন করে মেয়েটির অস্ত্রোপচারের ক্ষতস্থানে ড্রেসিং করা প্রয়োজন বলে জানান৷ তিনি মেয়েকে পাঠিয়ে দিতে বলেন৷ বাড়ি কাছাকাছি হওয়ায় এবং ব্যবস্থাপকের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেলা তিনটার দিকে মেয়েকে ক্লিনিকে পাঠিয়ে দেন৷ এরপর ব্যবস্থাপক আয়া মিনার মহিপুর কলোিন গ্রামের বাড়িতে তাঁর মেয়েকে নিয়ে ধর্ষণ করেন৷
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় আয়া মিনার বাড়ি থেকে এক মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন বাড়িটি ঘেরাও করেন। তাঁরা আয়া ও ওই ব্যবস্থাপককে আটক করে পুলিশে জানান৷ সংবাদ পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে ওই দুজনকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই রাতেই মিনা ও আশরাফকে আসামি করে মামলা করেছেন৷
ক্লিনিকের মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি ক্লিনিকের বাইরে হলেও এতে প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হওয়ায় ওই দুজনকেই বরখাস্ত করা হয়েছে।