শেরপুরে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া বাড়ছে
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুরে তীব্র শীতে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, এখন গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জন শিশু এই দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
এক সপ্তাহ যাবৎ চলমান তীব্র শীত ও ঘন কুয়াশায় শেরপুর জেলার জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ ১২ জানুয়ারি শুক্রবার সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে সড়ক-মহাসড়কে চলাচল করেছে। সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌ চলাচলেও বিঘ্ন ঘটছে। হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া আজ শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তীব্র শীতের কারণে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে এবং বোরো ধান আবাদের কাজও ব্যাহত হচ্ছে।
শীতের ফলে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ শিশু ও নিউমোনিয়ায় আক্রান্ত ৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
৮ জানুয়ারি থেকে এ হাসপাতালে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি থাকছে বলে হাসপাতাল সূত্র জানায়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাহিদ কামাল প্রথম আলোকে বলেন, মূলত তীব্র শীতের কারণেই শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। এখন যে হারে শিশুরা ভর্তি হচ্ছে, তা স্বাভাবিক সময়ের চেয়ে বেশ খানিকটা বেশি।
এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জেলার গারো পাহাড়সংলগ্ন ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার এবং সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন চরাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে তারা কষ্ট পাচ্ছে। শীত নিবারণের জন্য তারা খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে। প্রায় প্রতিদিনই অনেক ছিন্নমূল মানুষ প্রথম আলোর এ প্রতিনিধির নিকট শীতবস্ত্রের জন্য খোঁজখবর নিচ্ছে।
সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মো. বাবুল মিয়া বলেন, প্রচণ্ড শীতের ফলে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। ফলে তাঁর এক একর জমিতে বোরো ধান আবাদের কাজ ব্যাহত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, বর্তমান বৈরী আবহাওয়ায় ‘কোল্ড ইনজুরি’ থেকে রক্ষায় খেত থেকে চারা উত্তোলন ও তা জমিতে রোপণ না করতে এবং কুয়াশা কেটে গেলে জমিতে বোরো ধান আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।