শেরপুরে শীতে পোলট্রি মালিকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ ধরে অব্যাহত শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর তীব্র শীতে শেরপুরের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। কদিন ধরে সূর্যেরও দেখা নেই। ভোগান্তি বাড়ছে গরিব ও ছিন্নমূল মানুষের, যাঁদের গরম কাপড় ও বিছানা একেবারে অপ্রতুল।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শীতের তীব্রতায় শেরপুর জেলার পোলট্রি খামারের মালিকেরা বিপাকে পড়েছেন। জেলায় শতাধিক পোলট্রি খামারে মুরগির বাচ্চা ও ডিম উৎপাদন কমে গেছে। ফলে বাজারে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা এবং প্রতি ১০০ ডিমের দাম ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে।জেলা শহরের কে নাহার পোলট্রি কমপ্লেক্সের মালিক মো. আবুল হাসেম বলেন, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আগেই পোলট্রি খামারের মালিকেরা সব ধরনের মুরগি বাধ্য হয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন। অনেক মালিক নতুন করে মুরগির বাচ্চার উৎপাদন বন্ধ রেখেছেন।অন্যদিকে, শেরপুর জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলম বলেন, ঘন কুয়াশার ফলে ধান শুকাতে না পারায় জেলার পাঁচ শতাধিক চালকল বন্ধ রয়েছে। ফলে বিপুলসংখ্যক চাতাল শ্রমিক বেকার হয়ে পড়েছেন। সে সঙ্গে বাজারে চালের দাম কিছুটা বেড়েছে।এদিকে, প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে জেলার সদর ও নকলা উপজেলার চরাঞ্চল এবং সীমান্তবর্তী ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার পাহাড়ি জনপদের দরিদ্র ও ছিন্নমূল মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এক মাস আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে মাত্র দুই হাজার ৮৪০টি শীতবস্ত্র বিতরণ করা হলেও চলমান শীতের মধ্যে আর কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি।শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) রঙ্গলাল সরকার বলেন, চলতি সপ্তাহে দুস্থদের মধ্যে বিতরণের জন্য সরকার দুই হাজার শীতবস্ত্র বরাদ্দ দিয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।