শেরপুরে শুষ্ক মৌসুমে নদীভাঙন, কৃষকের মধ্যে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় বাঙ্গালী নদীতে এখন স্রোত নেই। তবু ভেঙে পড়ছে নদীপাড়ের ফসলি জমি। উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী ও সাহেববাড়ি এলাকায় শুষ্ক মৌসুমে এমন ভাঙন দেখে স্থানীয় কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।স্থানীয় কৃষকের ভাষ্য মতে, গত দুই মাসে ওই দুটি এলাকায় কমপক্ষে ৫০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এই ভাঙন খেতের পাশ দিয়ে নির্মিত বন্যানিয়ন্ত্রণ বাঁধও ছুঁয়েছে।সম্প্রতি উপজেলার চককল্যাণী ও সাহেববাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, নদীর কিনারে উঁচু ফসলি জমিতে ছোট-বড় চির ধরে ধসে পড়ছে। এ দুটি স্থানে ভাঙনে বন্যানিয়ন্ত্রণ বাধও ছুঁয়েছে। এই বাঁধের ওপর দিয়ে গ্রামের মানুষ চলাচল করে। উপজেলা পরিষদ গত বন্যার সময় ফসলি জমি রক্ষার্থে নদীর পাড়ে লাখ টাকার বাঁশ পুঁতে স্রোত বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও তাতে কোনো উপকার হয়নি। বরং ওই বাঁশগুলো ভেঙেপড়া মাটির চাপে নিচে দেবে গেছে। এদিকে সুঘাট বাজারে নদীর পাড়ের মসজিদের মেঝেতে ফাটল ধরেছে। যেকোনো সময় মসজিদটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।ক্ষতিগ্রস্ত কৃষক চককল্যাণী গ্রামের আবু তালেব ও লাল মাহমুদ জানান, গত বন্যার পর এ পর্যন্ত তারসহ গ্রামের কয়েকজন কৃষকের প্রায় ২০ বিঘা জমি নদীতে ভেঙে পড়েছে। গত তিন বছরে গ্রামের ৫০টি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। সাহেববাড়ি এলাকার কৃষক আমজাদ হোসেনসহ কয়েকজন জানান, গত দুই মাসে এ এলাকায় প্রায় ৩০ বিঘা জমি নদীর পেটে চলে গেছে। যেভাবে নদী ভাঙছে তাতে এলাকার কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, আট বছর ধরে ওই দুই এলাকাসহ ইউনিয়নের বিনোদপুর, কল্যাণীপাড়া, সুঘাট বাজার এবং মধ্যভাগ এলাকাতেও ভাঙন চলছে। ইতিমধ্যে ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় এক কিলোমিটার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৩০০ পরিবার ঘরবাড়ি হারা হয়েছেন এবং নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় দুই হাজার বিঘা ফসলি জমি। ভাঙনরোধে বগুড়ার পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) একাধিকবার অবহিত করেও কোনো কাজ হয়নি।উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করা না হলে আগামী বর্ষায় দক্ষিণ শেরপুর এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার শতাধিক গ্রামসহ কমপক্ষে ৩০ হাজার বিঘা জমি প্লাবিত হবে।বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দিন বলেন, ‘এ সমস্যার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে আমাদের কাছে এখন কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়ার পরই দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।’