শেরপুরে শ্রমিক লীগের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ
বগুড়ার শেরপুর উপজেলায় শ্রমিক লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে শ্রমিক লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বাজারে গত বুধবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটেছে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে। এ সময় চারজন আহত হন। তাঁর মধ্যে দবির উদ্দিন (৫৫), হাবিবুর রহমান (৫০) ও সামছুল হককে (৫০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, শ্রমিক লীগের খানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানার সঙ্গে সদস্য শালফা গ্রামের সুলতান মাহমুদের বিরোধ ছিল। গত সোমবার দুপুরে তাঁদের মধ্যে একটি বিরোধপূর্ণ ঘটনা পুলিশের উপস্থিতিতে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। কিন্তু ওই ঘটনা নিয়ে সুলতান বুধবার রাতে আবার গ্রামে বৈঠক ডাকেন। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রাত সাড়ে আটটায় সুলতানের পক্ষের দুই শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা ওই কার্যালয়ের সব আসবাব বাইরে এনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে।