শেরপুরে সন্ত্রাসী হামলায় মাদ্রাসা কর্মচারী নিহত
শেরপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় মো. মজিত উল্লাহ নামের এক মাদ্রাসা কর্মচারী নিহত ও তাঁর ছেলে মো. রুহুল আমিন আহত হয়েছেন। তাঁদের বাড়ি চৈতনখিলা গ্রামে।এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ, এজাহার ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মজিত ও তাঁর ছোট ভাই নওশের আলীর সঙ্গে একই এলাকার ছিদ্দিক মিয়া, মুরাদ, মুক্তার ও তাঁর সহযোগীদের বিরোধ চলে আসছিল। ১৫ অক্টোবর ছিদ্দিক, মুরাদ ও তাঁর সহযোগীরা নওশের আলীর বাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় নওশের সদর থানায় মামলা করেন।এর জেরে ছিদ্দিক, মুক্তার ও তাঁর সহযোগীরা গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চৈতনখিলা বাজারের কাছে কাঁচা রাস্তায় মজিত (৬০) ও তাঁর ছেলে রুহুলকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজিতউল্লাহকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার চৈতনখিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।নিহত মজিতের ছোট ভাই পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নওশের গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘একই ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ছিদ্দিক, মুক্তার ও তাদের সহযোগীদের নানা কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমার ভাইকে হত্যা ও ভাতিজা রুহুলকে আহত করেছে।’শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এ কে আজাদ বলেন, এ ঘটনায় ছিদ্দিক, মো. মুরাদ, মুক্তারসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি ছিদ্দিকের স্ত্রী নীলা ও মতি মিয়ার স্ত্রী কল্পনাকে গ্রেপ্তার করা হয়েছে।