শেরপুরে সহিংসতা গুলি, আহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা, ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলের চেষ্টার মধ্য দিয়ে গতকাল শনিবার শেরপুরের সদর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সহিংসতায় কমপক্ষে ২৭ জন আহত হন।
ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চর সরকারি বিদ্যালয় কেন্দ্র বাতিল করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৩ জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা সাড়ে তিনটার দিকে ইউপি সদস্য পদপ্রার্থী মোশাররফ হোসেন ও মণ্ডল মিয়ার সমর্থকেরা দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে কামারেরচর ইউনিয়নের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালান। এ সময় তাঁরা প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তাদের অবরুদ্ধ করে ব্যালট পেপারসহ চারটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এই কেন্দ্রে শটগানের ২৪টি গুলি ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুল লতিফ বিকেলে বলেন, কেন্দ্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।
দুপুর ১২টার দিকে কামারেরচর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী বেলায়েত হোসেন ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ১০ জন আহত হন। বেলা পৌনে একটার দিকে চর শেরপুর ইউনিয়নের হেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ আকরাম হোসেনকে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামারেরচর ইউনিয়নের লতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী আখতার ও আব্দুলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হন।
বেলা দুইটার দিকে চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী হানিফ উদ্দিন, শহিদুল ইসলাম ও মো. লিটন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। কামারেরচর ইউনিয়নের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী মুক্তা মিয়া ও মির্জা আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন।
বেলা তিনটার দিকে লছমনপুর ইউনিয়নের ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী শাহ আলমকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ প্রথম আলোকে বলেন, কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে।