শেরপুরে সাত দিনে দেড় শ’ ঘরবাড়ি ব্রহ্মপুত্রে বিলীন
শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে দুটি ইউনিয়নের দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে ভাঙনের শিকার মানুষগুলো এখন মানবেতর জীবন যাপন করছে।ভাঙনকবলিত গ্রামগুলো হলো: ব্রহ্মপুত্র নদসংলগ্ন শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর চর, পয়স্তিরচর ও গোয়ালপাড়া এবং চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া ও ডাকপাড়া গ্রাম। ভাঙনে এসব গ্রামের প্রায় ২০০ পরিবারের দুই সহস্রাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন, জেলা প্রশাসনের কাছ থেকে সামান্য নগদ টাকা ছাড়া আর কোনো ত্রাণ বা সাহায্য তাঁরা পাননি। উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, ২ জুলাই ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যার পানির প্রবল স্রোতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দুর্গম ৬ নম্বর চর গ্রামে ভাঙন শুরু হয়। ওই দিনই ৬ নম্বর চর গ্রামের বড় বাড়ির ২৩টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেলে ৬ নম্বর চর গ্রামসহ ৭ নম্বর চর, পয়স্তিরচর ও গোয়ালপাড়া গ্রামের এবং চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া ও ডাকপাড়া গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুধু কামারেরচর ইউনিয়নের চারটি গ্রামেই ৯৮টি ঘরবাড়ি ব্রহ্মপুত্র নদ গ্রাস করেছে। বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি হ্রাস পেলেও ভাঙন অব্যাহত রয়েছে। সরেজমিনে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দুর্গম ৬ নম্বর চর গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার পানি কমে যাওয়ার পর ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে তারা নিরাপদ আশ্রয়ের জন্য এক স্থান থেকে আরেক স্থানে তাদের বাড়িঘর সরিয়ে নিচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষ ভাঙন আতঙ্কে রাত জেগে থাকে। নতুন করে বাড়িঘর তৈরির জন্য তাদের গৃহনির্মাণ সামগ্রী ও সরকারি সাহায্য প্রয়োজন বলে তাঁরা জানান। ৬ নম্বর চর গ্রামের বড়বাড়ির মো. সাইদুর রহমান (৬০) বলেন, ‘বন্যায় নদীর পানি বাইড়া তাঁর ঘরবাড়ি ভাইঙ্গা নিয়া গ্যাছে। ঘরে তেমন খাওন নাই। সরকার থাইক্যা দুই হাজার টাকা ছাড়া আর কোনো সাহায্য পাই নাই।’ এ গ্রামের আরেক কৃষক মছের আলী (৬৫) বলেন, ব্রহ্মপুত্র নদ তাঁর চারটি ঘর গ্রাস করেছে। বন্যায় পাট আবাদ ও সবজিখেত নষ্ট হয়ে গেছে। এখন চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। নতুন করে ঘর তৈরির জন্য সরকারি সাহায্য প্রয়োজন। ৬ নম্বর চর গ্রামের মফিজুল ইসলাম (৮০) বলেন, ‘বাড়িঘর নদীতে ভাইঙ্গা নিয়া গ্যাছে। অহন খুব চিন্তায় আছি, কই যাইয়া ওঠমু। সরকার থাইক্যা দুই হাজার টাকা ছাড়া আর কিছু পাই নাই।’ শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকবর আলী প্রথম আলোকে বলেন, ব্রহ্মপুত্র নদের ভাঙনে তাঁর ইউনিয়নে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া কুলুরচর ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে এটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) রঙ্গলাল সরকার গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৪০টি পরিবারের মধ্যে দুই হাজার টাকা করে দুই লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অপর দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, বন্যা ও ভাঙন-পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে শেরপুর সদর উপজেলার বন্যা ও ভাঙনকবলিত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণসহায়তা চেয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।