শেরপুরে সূর্যদী গণহত্যা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল মঙ্গলবার শেরপুরে সূর্যদী গণহত্যা ও প্রতিরোধ যুদ্ধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রজন্ম একাত্তর ও স্থানীয় শহীদ আইজ উদ্দিন ফাউন্ডেশন যৌথভাবে সূর্যদী বাজারে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোক মিছিল, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করে।
গতকাল সকালে প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিন্নাত আলী, কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, আবদুল হামিদ প্রমুখ। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপুরে সূর্যদী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিক এম এ হাশেম।
স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, ১৯৭১ সালের ২৪ নভেম্বর শেরপুর সদর থানার সূর্যদী গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে একই পরিবারের সাতজনসহ ৪৭ জন নিহত হন। এদের মধ্যে তিন ভাইয়ের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন শাহাবাজ আলী, মফিজ উদ্দিন মিয়া ও হাফিজ উদ্দিন।