শেরপুরে সেশন ফি ছাড়া মিলছে না পাঠ্যপুস্তক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কানাইকান্দর উচ্চবিদ্যালয়ে সেশন ফির টাকা ছাড়া সরকারিভাবে বিতরণ করা পাঠ্যপুস্তক না দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে অনেক শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষের বই পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ওই বিদ্যালয়ের চাহিদাপত্র অনুসারে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৮৫ সেট পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা বিদ্যালয়ের নির্ধারিত সেশন ফির ৫০০ টাকা না দেওয়ায় গত বৃহস্পতিবার তাদের হাতে নতুন পাঠ্যপুস্তক শিক্ষকেরা তুলে দেননি। যারা এই টাকা পরিশোধ করেছে, শুধু সেই সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে।
সপ্তম ও অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর অভিভাবক বাগমারা গ্রামের সুবাস মাহাতো জানান, তিনি কষ্ট করে সেশন ফির টাকা দেওয়ার পর তাঁর সন্তানেরা বই পেয়েছে।
হাতীগারা গ্রামের পলাশ তাঁতী জানান, তাঁর দুই ছেলেমেয়ে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। এক হাজার টাকা না দেওয়ায় তাঁর ছেলেমেয়েকে বই দেওয়া হয়নি।
ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবকেরা জানান, স্থানীয় আদিবাসী দিনমজুর পরিবারের অনেক ছেলেমেয়ে ওই বিদ্যালয়ে লেখাপড়া করে। প্রতিদিন শ্রম বিক্রি করা টাকা দিয়ে তাঁদের পরিবারের খাবার জোটে। অনেক অভিভাবক সেশন ফির টাকা দিতে না পারায় তাঁদের সন্তানদের বই দেওয়া হয়নি।
অভিযোগ অস্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে সেশনের নির্ধারিত ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক জানান, যারা গবির তাদের ক্ষেত্রে এই টাকা কম করে নেওয়ার জন্য প্রধান শিক্ষককে জানানো হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, পাঠ্যপুস্তক বিতরণের সঙ্গে বিদ্যালয়ের সেশন ফির টাকা আদায়ের কোনো সম্পর্ক নেই। এ ধরনের ঘটনা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ঘটালে তা সরকারি নির্দেশনার ঘোর বিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান জানান, পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে থাকলে তিনি ব্যবস্থা নেবেন।