শেরপুরে স্কুলছাত্র হত্যার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের পল্লিতে মো. নুরে আলম (১২) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ওই ছাত্রের বাবা শেরপুর সদর আমলি আদালতে মামলাটি করেন।
আদালতের বিচারক শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
নুরে আলম শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামের গোপন মিয়ার ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। উপজেলার মুন্সীরচর পূর্বপাড়া গ্রামের উমেদ আলী, তাঁর দুই ছেলে মো. মতি মিয়া, মো. শেখ মিয়াসহ ১৫-১৬ জনকে ওই মামলার আসামি করা হয়েছে।
মামলার আরজি সূত্রে জানা গেছে, গোপন মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী উমেদ আলীসহ অন্য আসামিদের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত ৩১ জানুয়ারি সন্ধ্যার পর উমেদ আলীর বাগানের গাছ থেকে সুপারি চুরির অজুহাতে আসামিরা নুরে আলমকে আটক করে শারীরিকভাবে নির্যাতন চালান। একপর্যায়ে মামলার আসামিরা তাকে (নুরে আলম) আসামি মতি মিয়ার ঘরে আটক করে রাখেন। পরদিন ১ ফেব্রুয়ারি সকালে মুন্সীরচর পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালে নুরে আলমের লাশ দেখা যায়। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে নুরে আলমের লাশ উদ্ধার করে। পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। কিন্তু সদর থানার পুলিশ এ ঘটনায় হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যু মামলা (ইউডি) নেয়। এ ব্যাপারে মতি মিয়া ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, এখনো আদালতের আদেশ পাননি। আদেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।