শেরপুরে স্কুলের দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
শেরপুর জেলা সদরের বলাইয়েরচর ইউনিয়নের চরশ্রীপুর সরকারি প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ভবনের দেয়ালের নিচে চাপা পড়ে মিনাল মিয়া (১২) নামের এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও উপজেলা প্রশাসন স্কুলের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে।
আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মিনাল ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম মো. আশরাফ আলী। বাড়ি দোসরা ছনকান্দা গ্রামে।
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অর্থায়নে সম্প্রতি চরশ্রীপুর সরকারি প্রাথমিক স্কুলের একটি নতুন দোতলা ভবন নির্মাণ করা হয়। স্কুলের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের অনুমতি ছাড়াই বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে সকাল থেকে কয়েকজন শ্রমিক ওই পরিত্যক্ত ভবনটি ভাঙার কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে স্কুলের শিক্ষার্থী মিনাল ওই পরিত্যক্ত ভবনটির ভাঙা অংশের একপাশে প্রাকৃতিক-কর্ম করতে যায়। এ সময় ভবনের একটি দেয়াল মিনালের ওপর ধসে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় এলাকাবাসী দেয়ালের স্তূপ সরিয়ে মিনালের লাশ উদ্ধার করেন। ঘটনার পরপরই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল জব্বার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল আজিজসহ অন্য শিক্ষকেরা পালিয়ে যান। খবর পেয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন ফারজানা ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন ঘটনাস্থলে ছুটে যান। পরে সদর থানা পুলিশও ঘটনাস্থলে যায়।
ইউএনও আইরিন ফারজানা ‘প্রথম আলো’কে বলেন, উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিনা অনুমতিতে ও অপরিকল্পিতভাবে স্কুলের পরিচালনা পর্ষদের উদ্যোগে পরিত্যক্ত ভবনটির ভাঙার কাজ করা হচ্ছিল। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে ওই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল আজিজ ‘প্রথম আলো’কে বলেন, পরিত্যক্ত ভবনটি ভাঙার আগে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নেওয়া হয়েছিল। ওই ভবনের ইট দিয়ে স্কুলের দেয়াল নির্মাণ করার জন্য পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তিনি জানান।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কায়সার আলী বলেন, এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।