শেরপুরে স্ত্রী হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গৃহবধূ শারমিন আক্তার হত্যা মামলায় তাঁর স্বামী আবদুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার তাঁতড়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজীউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিন (৩৫) স্ত্রী শারমিন আক্তারকে (২৫) হত্যার কথা স্বীকার করেছেন। গত ২৩ এপ্রিল পুলিশ শেরপুর পৌর শহরের ধুনট রোড এলাকায় শারমিনের বাড়ির শোবার ঘর থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে।
শারমিনের ছোট বোন তাসমিয়া তন্ময় বলেন, ১১ বছর আগে তাঁর বোনের বিয়ে হয়। তাঁর মেহেদী হাসান (৭) ও মোছা. তানহা (৩) নামের দুই সন্তান রয়েছে। পৈতৃক সূত্রে পাওয়া বাড়িতে তাঁর বোন স্বামীকে নিয়ে বসবাস করতেন।