শেরপুরে স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার স্বামী আবদুর রশীদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে তাঁকে আদালতের নির্দেশে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন বলেন, যৌতুকের জন্য তানিয়া বেগমের গায়ে তাঁর স্বামী আবদুর রশীদ ও দেবর মোক্তার হোসেন গত শুক্রবার রাতে এসিড নিক্ষেপ করেন। এ ঘটনায় গতকাল সদর থানার পুলিশ আবদুর রশীদকে গ্রেপ্তার করে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরল আলম মোহাম্মদের আদালতে সোপর্দ করে। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠান। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।শেরপুর জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসাধীন তানিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনো তিনি ব্যথায় কাতরাচ্ছেন। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখার একটি দল হাসপাতালে তাঁকে দেখতে যায়। পরে তাঁরা তানিয়ার উন্নত চিকিৎসার ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুস সামাদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির শেরপুর সদর উপজেলা ব্যবস্থাপক মো. আবদুর রহমান জানান, ব্র্যাকের পক্ষ থেকে তানিয়ার উন্নত চিকিৎসা ও সব ধরনের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।