শেরপুরে স্বর্ণালংকারের দোকান ও কারখানায় ব্যস্ততা
ঈদ সামনে রেখে বগুড়ার শেরপুরে জুয়েলারি দোকান ও কারখানাগুলোতে বেড়েছে ব্যস্ততা। ঈদ উপলক্ষে আত্মীয়স্বজনের একত্র হওয়ার সুযোগে এ সময় বিয়ে-শাদিরও ধুম পড়ে যায়। তাই প্রিয়জনকে স্বর্ণালংকার উপহার দেওয়া উপলক্ষে স্বর্ণালংকারের দোকানে ক্রেতার আনাগোনা বেড়ে যায়। বেড়ে যায় স্বর্ণালংকার তৈরির কারিগরদের ব্যস্ততা। তবে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এ ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
গত মঙ্গলবার শেরপুর পৌর শহরের কর্মকারপাড়া, উত্তর সাহাপাড়া, দত্তপাড়া ও রামচন্দ্রপুরপাড়ার জুয়েলারি দোকানের ছয়টি কারখানা ঘুরে দুই শতাধিক শ্রমিককে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। হাতের দক্ষতা আর মেশিনের ব্যবহার, এ দুয়ের মিশ্রণে তৈরি করা হচ্ছে বিভিন্ন স্বর্ণালংকার।
শহরের উত্তর সাহাপাড়ায় শেরপুর জুয়েলারি ওয়ার্কশপের মালিক শিবদাস কর্মকার বলেন, প্রতিবছর রমজানের শুরু থেকেই তাঁদের কাছে নতুন নতুন নকশায় স্বর্ণলংকার বানাতে ক্রেতারা আসেন। এবারও তা-ই হচ্ছে। তবে নতুন করে স্বর্ণের দাম বাড়ায় এবার স্বর্ণলংকার তৈরির চাহিদা দুই-তিন দিন ধরে কিছুটা কম।
তবে এ ওয়ার্কশপে দেখা হয় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের কৃষক তাইজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এই ঈদে মাকে স্বর্ণের একটি চেন গড়িয়ে দেবেন। তাই মাকে নিয়ে তিনি এখানে এসেছেন।
শহরের কর্মকারপাড়ার আরেক ব্যবসায়ী সরকার জুয়েলারি ওয়ার্কশপের মালিক দেবাশিষ সরকার বলেন, এ বছর শুরু থেকে কৃষকেরা ধানের কাঙ্ক্ষিত দাম পেলে স্বর্ণের ব্যবসা গতবারের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা ছিল।
শহরের রামচন্দ্রপুরপাড়ার জুয়েলারি ওয়ার্কশপের মালিক রবি সরকার বলেন, পুরোনোটা ভেঙে নতুন নকশায় স্বর্ণালংকার বানানোর চাহিদা এবারও রয়েছে। তাঁর মতে এ ধরনের ক্রেতা রয়েছে শতকরা ২০ ভাগ।
স্বর্ণালংকারের কারিগর সুমন তাম্বুলি গত মঙ্গলবার বলেন, ঈদ উৎসবকে ঘিরে স্বর্ণালংকার বানানোর চাপ বেড়ে যায়। এ সময় তাঁদের বাড়তি শ্রম দিতে হয়। এ সময় বাড়তি আয়ও হয় তাঁদের।
আরেক কারিগর সুজন দাস বলেন, তবে স্বর্ণের দাম বাড়ায় ঈদে প্রিয়জনকে স্বর্ণালংকার উপহার হিসেবে দেওয়া হবে, এমন অর্ডার কিছুটা কমই আছে। তবে ঈদের পর বিয়ে অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য স্বর্ণালংকারের অর্ডার আসছে।