শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাইভেটকার ও ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কবিরাজপাড়া গ্রামের সাহেব আলী (৭০) ও ঘাগড়া পটোলপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে ফিরোজ মিয়া (১৭)। ফিরোজ স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। আজ শনিবার রাতে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার প্রতাবনগর গ্রামের মুরাদ (৩৫), শালদা গ্রামের মো. শাহজামাল (২০), হাতিবান্ধা গ্রামের সোহেল (২০), বালুরচর গ্রামের রূপম (১৬) শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামের শান্ত (১৮) , দুর্গানারায়ণপুর এলাকার হজরত আলী (৪৫)। আহত শাহজামালকে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মচিমহা) ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে সাতটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজার এলাকায় ঝিনাইগাতী থেকে শেরপুর আগত একটি প্রাইভেটকারের সঙ্গে ঝিনাইগাতীগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি যানই দুমড়েমুচড়ে যায়। এ সময় ইজিবাইকের যাত্রীরা সড়কের পার্শ্ববর্তী একটি ডোবায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সাহেব আলী নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত ফিরোজ মিয়াকে মচিমহায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। আজ রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাইভেটকার ও ইজিবাইকটি আটক করা হয়েছে।