শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার জালালপুর এলাকায় গতকাল রোববার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী ধানখেতে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় মহিলা-শিশুসহ ৩০ জন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার লোহাজুড়ি গ্রামের ফালু মিয়া (৫০), আইন উদ্দিন ওরফে আলু (৫০) ও চরপক্ষিয়া গ্রামের দুদু এবং নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নয়ানগর গ্রামের রজব আলী মুন্সির ছেলে আইন উদ্দিন (৬০)। আহত ব্যক্তিদের মধ্যে কটিয়াদি উপজেলার চরপুটিয়া গ্রামের মো. রফিক (৩০) ও আমেনা খাতুনকে (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সবার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বিভিন্ন গ্রামে। তাঁরা শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামে অনুষ্ঠিত দোজা পীরের ওরস শরিফে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে একটি বাস শেরপুরের লছমনপুর গ্রাম থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ৬০ জন যাত্রী নিয়ে রওনা দেয়। একটার দিকে বাসটি শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার জালালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ধানখেতে উল্টে পড়ে।