ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক এবং অপর বাসের যাত্রী এক মা তাঁর শিশুপুত্রসহ নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই দুই বাসের অন্তত ৪০ যাত্রী। এদিকে নাটোরের লালপুর উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত ও এক উপপরিদর্শক আহত হয়েছেন। গতকাল সোমবার এই দুটি দুর্ঘটনা ঘটে।
ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার গাড়িদহের দুগ্ধ খামারের পাশে গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকাগামী সালমা এন্টারপ্রাইজ ও নওগাঁগামী হানিফ এন্টারপ্রাইজ নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ঢাকাগামী বাসের যাত্রী জয়পুরহাট সদর থানার ধারকি গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী পান্না আক্তার (৩০) ও তাঁর ছেলে আল-মাজেদ (৪) এবং বাসের চালক নবির হোসেন (৫৮)। নবির হোসেনের বাড়ি সাভারের আমিনবাজার এলাকায়। দুর্ঘটনায় আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গুরুতর আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুমূর্ষু অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে কর্তব্যরত শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, দুটি গাড়িই বেপরোয়া গতিতে চলছিল। সালমা নামের বাসটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের বাসের সঙ্গে ধাক্কায় খায়। এতে সালমা নামের বাসটি মহাসড়কের পূর্ব পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই দিকে কমপক্ষে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, দুর্ঘটনার পর বাস দুটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, মামলার তদন্তকাজে লালপুর থানার এসআই খায়রুল ইসলাম কনস্টেবল রহমত আলীকে সঙ্গে নিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলে কদিমচিলান যাচ্ছিলেন। কদিমচিলানের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই কনস্টেবল রহমত আলীর (৪৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি পাবনার সুজানগর উপজেলার হাশেমপুর গ্রামে। দুর্ঘটনায় এসআই খায়রুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত এসআইকে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করেন। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি, সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শফিকুল ইসলাম, বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মামুন অর রশিদ, লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার ঘটনাস্থলে যান।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মামুন অর রশিদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। এ ব্যাপারে লালপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।