শেরপুরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলার কুলুরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে আজ শুক্রবার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

নিহত সেনাসদস্যের নাম মো. আলাল উদ্দিন (৩৫)। তিনি যশোর সেনানিবাসে ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামে।

আহত ব্যক্তিরা হলেন বগুড়া জেলার সোনাতলা এলাকার মুক্তার (২৫), কুষ্টিয়া জেলার শাকভাঙ্গা এলাকার লিটন (২৩) ও কুমারখালী উপজেলার সবিত্র পোদ্দার (৩৮), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের আবদুল বারিক (১৯) ও সিএনজিচালক আবদুল আলী (৩৮)।

আহত ব্যক্তিদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া সাতটার দিকে শেরপুর থেকে জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানা থেকে শেরপুরগামী একটি সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলে সেনাসদস্য আলাল উদ্দিন মারা যান। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহত আলাল ছুটি শেষে তাঁর কর্মস্থলে ফিরছিলেন বলে পুলিশ জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত সেনাসদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।