শেরপুরে সড়কে গাছ ফেলে গণডাকাতি
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর-রানীরহাট সড়কের সুখানগাড়ী ফয়েজমারা সেতু এলাকায় গত মঙ্গলবার গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো ছোরার আঘাতে আহত দুজন বাসযাত্রী আহত হন। রাত ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার যাত্রীবাহী বাসচালকের সহকারী জুয়েল হোসেন বলেন, ৪৫ জন যাত্রী নিয়ে উপজেলার বিশালপুর থেকে ফরিদপুরের আটরশি পীরের মাজারে যাচ্ছিলেন। তাঁদের গাড়িটি সেতু এলাকায় পৌঁছালে ১৫-২০ জন ধারালো অস্ত্রধারীরা বাসের মধ্যে ওঠে মারধর ও মেরে ফেলার ভয় দেখিয়ে যাত্রীদের নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে দুজনকে ছুরি দিয়ে জখম করা হয়। তাঁদের মধ্যে উপজেলার বিশালপুর গ্রামের শ্রী বিগনকে (৩৫) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও কোহিতকুল গ্রামের নজরুল ইসলামকে (৪৫) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
বাসচালকের আরেক সহকারী সোহেল রানা বলেন, একই স্থানে রাতে আরও একাধিক ভটভটি ও মোটরসাইকেলচালককে থামিয়ে ডাকাতি করা হয়েছে। ডাকাতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
এ সময় সড়কে পুলিশ ছিল না। ধান ব্যবসায়ী মো. আলামিন বলেন, ওই সময়ে তিনি মোটরসাইকেলে করে মির্জাপুর বাজারে ফিরছিলেন। ওই স্থানে তাঁকে আটকিয়ে একটি মুঠোফোন কেড়ে নেয় ডাকাতেরা। শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি রাত্রিকালীন দায়িত্বে যাওয়ার সময় ডাকাতির ঘটনা জানতে পারেন।