শেরপুরে সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে একটি সড়কের পাকাকরণের কাজ দ্রুত শেষ করার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন পারভবানীপুর গ্রামের লোকজন। এ সড়কটি ওই ইউনিয়নের পারভবানীপুর বাজারের পাকার মোড় থেকে এক কিলোমিটার দূরত্বে জনৈক লুৎফর রহমানের বাড়ি পর্যন্ত অবস্থিত।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এ সড়কের নির্মাণকাজ হচ্ছে। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, সড়কটির কাজ করছেন ঠিকাদার শাহাদৎ হোসেন। সড়কটি পাকাকরণে ব্যয় হবে প্রায় ৪৫ লাখ টাকা।
পারভবানীপুর গ্রামের অন্তত পাঁচজন বাসিন্দা বলেন, প্রায় এক মাস আগে সড়কটি পাকাকরণের জন্য বক্সকাটিং করেন ঠিকাদার শাহাদৎ। পরে সড়কের ওপর বালু না ফেলে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। এতে যাতায়াতে মানুষের দুর্ভোগ বেড়েছে। তাই সড়কটির পাকাকরণের কাজ দ্রুত শেষ করার দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টায় গ্রামের শতাধিক মানুষ সড়কের পাশে ওই বিক্ষোভ করেন।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব বলেন, ওই সড়ক দিয়ে তাঁর ইউনিয়নের ১৫টি গ্রামসহ পাশের শাজাহানপুর ও ধুনট উপজেলার অন্তত ১৫ গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এসব গ্রামের বেশির ভাগ কৃষক খেতের সবজি শেরপুরের ফুলবাড়ী বাজারে নিয়ে যান। সড়কটি বর্তমানে বৃষ্টির পানিতে ডুবে থাকায় মানুষজনের দুর্ভোগ বেড়েছে। সড়কটির কাজ দ্রুত শেষ করতে তিনি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে জানিয়েছেন।
গতকাল সরেজমিনে গেলে সড়কটির উন্নয়নে নিয়োজিত ঠিকাদারের কোনো লোকজনকে পাওয়া যায়নি। মুঠোফোনে ঠিকাদার শাহাদৎ বলেন, মানসম্পন্ন বালু না পাওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। তিনি দ্রুতই ওই সড়কটির কাজ শেষ করবেন।