শেরপুরে সড়কের পাশে নালা খনন, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ধুনট রোড-হামছায়াপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পানিনিষ্কাশনের নালা খনন করা নিয়ে স্থানীয় মানুষের ভোগান্তি বেড়েছে। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের বেচাকেনা। গত বুধবার থেকে এ খনন কার্যক্রম শুরু হয়।
ওই এলাকার ১০ জন ব্যবসায়ী বলেন, ওই এলাকার পূর্ব পাশে রয়েছে অন্তত দুই শ দোকান, ধানের মিলচাতালসহ উপজেলার হামছায়াপুর, শেরুয়া, শেরুয়া কাঁঠালতলা ও পাঠানটোলা গ্রাম এলাকা মহাসড়কের সঙ্গে সংযোগ সড়ক। পানিনিষ্কাশনের জন্য এই নালা খনন নিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে।
এ খননে নিয়োজিত বগুড়া সওজের সুপারভাইজার শাজাহান আলী বলেন, মহাসড়কের ওই এলাকায় ২০০৮ ও ২০০৯ সালে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করা হয়। মহাসড়ক-সংলগ্ন পাশের ব্যবসায়ীরা এসব নালা ভরাট করে ফেলায় একটু বৃষ্টি হলে মহাসড়কের ওপর জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা খনন করছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা শহরের ধুনট রোড থেকে দক্ষিণের হামছায়াপুর পর্যন্ত মহাসড়কের পূর্ব পাশে প্রায় ছয় শ মিটার পর্যন্ত চলছে এই নালা খনন। এর মধ্যে রয়েছে ধানের মিলচাতালসহ উল্লেখিত গ্রাম এলাকার সড়ক যোগাযোগ ও দোকানপাট।
স্থানীয় মুদিদোকানের মালিক মো. বাপ্পি বলেন, এই নালা পার হয়ে দোকানে ক্রেতারা আসতে পারে না। এ কারণে বুধবার থেকে দোকানের বেচাকেনা বন্ধ হয়ে গেছে। পথচারী আমজাদ হোসেন বলেন, পানিনিষ্কাশনের জন্য খনন করা মাটি ফেলা হচ্ছে পাকা সড়কের পাশে। একটু বৃষ্টি হলে এই মাটি কাদায় রূপ নিয়ে পথচারীদের চলাচলে ভোগান্তি বেড়ে যাবে।
স্থানীয় পাঁচজন ব্যবসায়ী বলেন, তাঁরাও চান মহাসড়কের ওপর থেকে পানিনিষ্কাশন। তবে কাঁচা নালার পরিবর্তে পাকা নালা তৈরি করা হলে স্থানীয় মানুষজনের ভোগান্তি কম হতো।
বগুড়ার সওজের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম বলেন, ওই এলাকার মহাসড়কের পূর্ব পাশে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মহাসড়ক থেকে অনেক উঁচু। এ কারণে বৃষ্টির পানি মহাসড়কের ওপর জলাবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা মহাসড়ককে ক্ষতির হাত থেকে রক্ষার জন্যই কাঁচা নালা খনন শুরু করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ওই সব ব্যবসায়ী ইচ্ছে করলে তাঁদের খনন করা নালার ওপর শক্ত কিছু ফেলে চলাচলের পথ করে নিতে পারেন।