শেরপুরে হত্যা মামলা তুলে নিতে আসামিদের হুমকি
শেরপুর শহরের গৌরীপুর মহল্লার ব্যবসায়ী এনামুল হক হত্যা মামলার আসামিরা মামলা তুলে নিতে এনামুলের পরিবারকে হুমকি দিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এনামুলের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনামুলের ভাই নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, মামলার এক নম্বর আসামি মোমিনুল বারীসহ ১০ জন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন। মামলা তুলে নেওয়ার জন্য তাঁরা এখন তাঁদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রধান আসামি মোমিনুলের পরিবারের সখ্য রয়েছে। ওই কর্মকর্তার কারণেই মামলাটির তদন্তে অগ্রগতি হচ্ছে না। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১ থেকে ৪ ডিসেম্বরের কোনো এক সময় এনামুল হক খুন হন। ৪ ডিসেম্বর পুলিশ এনামুলের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রতিবেশী মোমিনুলসহ ১২ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন এনামুলের ভাই শাহজাহান আলী। এরপর পুলিশ এজাহারভুক্ত আসামি শহীদ তালুকদার ও এনামুলের ব্যবহূত মুঠোফোন সেটসহ শহরের শেরীপাড়া মহল্লার মুন্নী নামের এক তরুণীকে গ্রেপ্তার করে। মুন্নীকে রিমান্ডে নিয়েও পুলিশ দীর্ঘ চার মাসেও হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি।সংবাদ সম্মেলনে নিহত এনামুলের বাবা মাহমুদ আলী, মা মতিয়া মাহমুদসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা প্রথম আলোকে বলেন, এনামুলের হত্যা মামলাটি তদন্তাধীন। আসামিরা আদালত থেকে জামিন পাওয়ায় এ মুহূর্তে তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না।