শেরপুরে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন
শেরপুরের নকলা উপজেলার চাঞ্চল্যকর আবু মিয়া হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ড পাওয়া তিনজন হলেন নকলা উপজেলার চিথলিয়া গ্রামের বারেক (৪৪) ও তাঁর ভাই দুধু (৩৪) এবং লাল মিয়া (৩৯)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমার জের ধরে ২০১০ সালের ১২ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা পরিকল্পিতভাবে চিথলিয়া গ্রামের আবু মিয়াকে (৫০) নৃশংসভাবে খুন করেন। ঘটনার দিনই পুলিশ চিথলিয়া গ্রাম থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ ঘটনায় আবু মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৪৯) বাদী হয়ে আটজনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান ২০১১ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার রায় ঘোষণার পর আনোয়ারা বেগম সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।