শেরপুরে হত্যার অভিযোগে মা ও সৎবাবা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরের উত্তর সাহাপাড়া এলাকায় গত শনিবার এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ওই শিশুকে তাঁর সৎবাবা হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ওই শিশুর সৎবাবা মঞ্জু মিয়া (৩৩) ও মা সাজেদা ওরফে ববিতাকে (২৮) থানায় সোপর্দ করেছে। নিহত শিশুটির নাম কাওছার হাসান (৮)। এ ঘটনায় ওই শিশুর খালা রাশেদা বেগম শনিবার রাতে বাদী হয়ে শেরপুর থানায় সাজেদা ও রঞ্জু মিয়াকে আসামি করে হত্যা মামলা করেছেন।রাশেদা বেগম জানান, শনিবার বিকেল চারটার দিকে তিনি তাঁর বোন সাজেদার ঘরে যান। এ সময় তিনি কাওছারের লাশ ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় তাঁর বোন সাজেদা ও তাঁর স্বামী মঞ্জু ঘরে ছিলেন না। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বাসস্ট্যান্ড থেকে তাঁদের দুজনকে আটক করে শেরপুর থানায় সোপর্দ করে। কাওছারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক আশরাফ চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু মিয়া তাঁর সৎছেলে কাওছারকে ঘুষি মেরে হত্যা করার কথা জানিয়েছেন।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোজাফফর হোসেন জানান, নিহত শিশুর গলায় সামান্য কালো দাগ রয়েছে। শিশুটির গলায় যে ওড়নাটি পেঁচানো ছিল, তা উদ্ধার করেছে পুলিশ। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে শিশুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা যাবে। সাজেদা ও রঞ্জুকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।