শেরপুরে হরতালের রাতে মহাসড়কে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে হরতালের রাতে উচ্ছৃঙ্খল যুবকেরা চাঁদাবাজি করছে। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা বাজার ও ঘোগা সেতু এলাকায় গতিরোধকের সামনে এ ঘটনা ঘটছে। স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার রাতেও ওই দুই স্থানে চালকদের জিম্মি করে চাঁদাবাজি করেছে উচ্ছৃঙ্খল যুবকেরা। যানবাহনের শ্রেণীভেদে তারা জোর করে গাড়িপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায় করেছে। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে ছোনকা বাজারের একজন ব্যবসায়ী বলেন, টানা দু-তিন দিন হরতাল হলেই মহাসড়কে এ ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটা থেকে ১১টা পর্যন্ত ওই দুই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা অন্তত শতাধিক মালবাহী ট্রাক থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে। এ সময় সাত-আটটি গাড়ি ভাঙচুর করা হয়। আরেকজন ব্যবসায়ী বলেন, যারা এই কর্মকাণ্ডে জড়িত তাদের দিনের বেলায়ও মহাসড়কে পিকেটিং করতে দেখা গেছে। তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁদের দলীয় লোকজন জড়িত নয়। তা ছাড়া সন্ধ্যার পর মহাসড়ককেন্দ্রিক তাঁদের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড থাকে না। এমন ঘটনা কেউ ঘটিয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। ঢাকা থেকে পণ্য নিয়ে গাইবান্ধাগামী ট্রাকের চালক লিয়াকত হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর ট্রাকটি ১০-১২ জন উচ্ছৃঙ্খল যুবক ঘোগা সেতু এলাকায় গতিরোধকের সামনে আটকে দেয়। এরপর তারা ৫০০ টাকা চাঁদা চায়। অন্যথায় গাড়ির সামনের কাচ ভেঙে ফেলার হুমকি দেয়। শেষ পর্যন্ত তিনি গাড়িটি ক্ষতির হাত থেকে রক্ষা করতে তাদের ৩০০ টাকা দিয়ে রক্ষা পান। মাইক্রোবাসের চালক লুৎফর রহমান বলেন, টানা হরতাল হলেই শেরপুরের মহাসড়কে রাতে উচ্ছৃঙ্খল যুবকদের চাঁদাবাজির ঘটনা ঘটছে। ওই সময় মহাসড়কে টহল পুলিশ দেখা যায় না। ছোনকা বাজার এলাকায় মঙ্গলবার রাতে পিকআপ ভ্যানের চালক আমজাদ হোসেন বলেন, গত দুই মাসে হরতাল চলাকালে রাতে গাড়ি চালানোর সময় তাঁকে তিনবারে ৯০০ টাকা উচ্ছৃঙ্খল যুবকদের দিতে হয়েছে। ভটভটির চালক আনোয়ার হোসেন বলেন, হরতালের সময় রাতে মহাসড়কে পুলিশকে টহল দিতে দেখা যায় না। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়। পুলিশ মহাসড়কে রাতের বেলায় ডিউটিতে যাওয়ার আগে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এখনো তাঁর কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তিনি এ ব্যাপারে অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।