শেরপুরে হাকিমের বাসায় চুরি, ৪ দিনেও গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সরকারি বাসায় চুরি হয়েছে। এ ঘটনার চার দিন পরও কেউ আটক বা চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। এতে ওই কোয়ার্টারে বসবাসরত বাকি কর্মকর্তারা চুরির আতঙ্কে রয়েছেন। গত মঙ্গলবার ভোরে ওই চুরি হয়।
পুলিশ ও এই ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, মেহেদী হাসান জেলা শহরের গোপালবাড়ি এলাকায় জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন কর্মকর্তাদের কোয়ার্টারের নিচতলার পূর্ব পাশের ফ্ল্যাটে বাস করেন। মঙ্গলবার ভোরে তাঁর বাসার একটি কক্ষের ভেন্টিলেটর ভেঙে চোরেরা ঢোকে। চোরেরা মেহেদী হাসানের মুঠোফোন ও কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়।
ওই দিন ঘটনার পরপরই মেহেদী হাসান সদর থানাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি মৌখিকভাবে জানান। পরে গত বৃহস্পতিবার তিনি সদর থানায় মামলা দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু ঘটনার চার দিন পরও পুলিশ এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। চুরি যাওয়া মালামালও উদ্ধার করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কোয়ার্টারে বসবাসরত একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার বলেন, প্রায়ই তাঁদের বাসা থেকে চোরেরা জানালার ফাঁক দিয়ে কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। কোয়ার্টারে এ ধরনের চুরির ঘটনায় তাঁরা আতঙ্কে রয়েছেন বলে জানান।