শেরপুরে হাসপাতালে বৃদ্ধের বিষপানে আত্মহত্যা
শেরপুর জেলা সদর হাসপাতাল ভবনে বিষপানে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতাল ভবনের তৃতীয় তলার সিঁড়িতে ওই ব্যক্তি কীটনাশক ‘বাসুডিন’ পান করেন। এরপর তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। হাসপাতালের ছাদে কর্মরত কয়েকজন নির্মাণশ্রমিক তাঁকে দেখে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিত্সা দেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।
সংবাদ পেয়ে শেরপুর সদর থানা পুলিশ লাশ জরুরি বিভাগ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম মণ্ডল আজ রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি কোনো জটিল রোগে ভুগছিলেন এবং যন্ত্রণা থেকে চিরতরে পরিত্রাণ পাওয়ার জন্য বিষপান করেন। লাশের সঙ্গে কীটনাশকের বোতলটি পুলিশ উদ্ধার করেছে বলে তিনি জানান।