শেরপুরে ১৫ লাখ টাকার টায়ার লুট
ঢাকা-বগুড়া মহাসড়কসংলগ্ন বগুড়ার শেরপুর উপজেলার ধুনট রোডের আজাদ ট্রেডিং এজেন্সি নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার গাড়ির টায়ার লুট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।আজাদ ট্রেডিং এজেন্সির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ জানান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামছুদ্দিনের দ্বিতল ভবনের নিচতলা ভাড়া নিয়ে প্রায় ছয় বছর ধরে তিনি গাড়ির টায়ারসামগ্রীর ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজকর্ম শেষে তিনি প্রতিষ্ঠান বন্ধ করে বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরেন। বৃহস্পতিবার সকালে ওই ভবনের মালিক শামছুদ্দিন প্রতিষ্ঠানের দরজায় লাগানো তালা ভাঙা দেখে তাঁকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে এসে দেখেন প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা ছোট-বড় মাপের ৫০টি টায়ার নেই। অজ্ঞাত দুর্বৃত্তরা মালামাল লুট করে ট্রাকযোগে নিয়ে গেছে বলে তিনি ধারণা করেন। এতে তাঁর অন্তত ১৫ লাখ ৩৮ হাজার টাকা ক্ষতি হয়েছে।এ প্রসঙ্গে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দ্রুততম সময়ের মধ্যেই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য পুলিশি তৎপরতা চলছে।