শেরপুরে ৩৫ গ্রাম প্লাবিত, বেড়েছে নদীভাঙন
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। শ্রীবরদী উপজেলার আরও একটি ইউনিয়ন নতুন করে বন্যাকবলিত হয়েছে। বর্তমানে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার সাতটি ইউনিয়নের ৩৫টি গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর, বেতমারী-ঘুঘুরাকান্দি, কামারের চর, চরপক্ষীমারী ও চরমুচারিয়া এবং শ্রীবরদী উপজেলার ভেলুয়া ও খড়িয়া কাজীর চর ইউনিয়নের সাত হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে এসব ইউনিয়নের দুই হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজিখেত তলিয়ে গেছে। পানির প্রবল তোড়ে নদীভাঙনের তীব্রতা বেড়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান এলাকায় এক ফুট উচ্চতায় বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে সড়কটিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।গতকাল দুপুরে শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বন্যা ও নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন। সদর উপজেলা চেয়ারম্যান জানান, ভাঙনে গত এক সপ্তাহে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. বানেজ আলী মিয়া জানান, জেলায় এক হাজার ৬০০ হেক্টর জমির রোপা আমন ও ৪০০ হেক্টর জমির সবজিখেত বন্যার পানিতে তলিয়ে গেছে।