শেরপুরে ৪ দিন ধরে দূরপাল্লার বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের কারণে চার দিন ধরে শেরপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পরিবহন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে নারায়ণগঞ্জে চলাচল করা একটি বাসকে কেন্দ্র করে শেরপুরের সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দিন আগে বাসকোচ মালিক সমিতির সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগ বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার পর গত শুক্রবার থেকে পরিবহন মালিক পক্ষ শেরপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন।

এ দিকে গতকাল রোববার জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান ও জেলা প্রশাসন এ অবস্থার নিরসনে উদ্যোগ নেয়। কিন্তু বাস কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের মধ্যে সমঝোতা না হওয়ায় এর অবসান হয়নি। তবে হুইপ আতিউর রহমান কাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর বিষয়টি সুরাহা করার আশ্বাস দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবহনশ্রমিক জানান, শেরপুরের বাস কোচ মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যাত্রী পরিবহনে এ সংকটের সৃষ্টি হয়েছে। এর কারণে সাধারণ যাত্রীরা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। চার শতাধিক বাস বন্ধ থাকায় পরিবহন শ্রমিকেরাও আর্থিক সংকটে রয়েছেন।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে পরিবহন সেক্টরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সুষ্ঠু ও দ্রুত সমাধান চেয়ে হুইপ আতিউরের নিকট অনুরোধ জানানো হয়েছে।

শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা করেন জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।