শেরপুরে ৭৩৩টি ইনজেকশন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা সদর হাসপাতালের সীমানাপ্রাচীরের পাশে একটি বালুর স্তূপ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় ৭২০টি প্যানরক্স ও ১৩টি সেডিল ইনজেকশন উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উদ্ধার করা ইনজেকশনগুলোর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সদর হাসপাতালের পশ্চিম পাশে বালুর ঢিবির মধ্যে কে বা কারা জীবনরক্ষাকারী ওই ইনজেকশনগুলো লুকিয়ে রেখেছিল। গতকাল বিকেলে একদল শিশু ওই বালুর স্তূপে খেলতে গিয়ে ইনজেকশনগুলোর সন্ধান পায়। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসে ও সদর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইনজেকশনগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সিভিল সার্জন মাঈন উদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, উদ্ধার করা ইনজেকশনগুলো সরকারি সম্পদ। এ ব্যাপারে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।