শেরপুরে ‘আল্লাহর দলের’ দুই নারী সদস্যসহ গ্রেপ্তার ৭
শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল বুধবার পুলিশ কথিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর দুই নারী সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জেলা শহরের কসবা কাচারীপাড়া মহল্লার দেলোয়ার হোসেন ওরফে বাবুল (৩৮), তাঁর স্ত্রী রানু বেগম (২৮), চাচাতো বোন পারভীন (২০), নয়আনী বাজারের একটি স্বর্ণালংকারের দোকানের কর্মচারী আনিছ (২৫), তাতালপুর মহল্লার বাসিন্দা আবুবকর (৫০,) রিকশার মিস্ত্রী নূর হোসেন (৪৫) ও বয়ড়া পরানপুর এলাকার পল্লি চিকিসত্ক মনিরুজ্জামান ওরফে ময়নুল (৩৭)। সদর থানায় দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তিনি কসবা কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা। তাঁর স্ত্রী রানু বেগম শেরপুর মালঞ্চ সেবা সমিতির স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। তাঁদের দুটি শিশুসন্তান রয়েছে। প্রায় দুই বছর আগে পাবনার হীরু নামের এক ব্যক্তি তাঁকে আল্লাহর দলের সদস্য হিসেবে যুক্ত করেন। শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, শেরপুরের আল্লাহর দলের শতাধিক সদস্য রয়েছেন। এদের মধ্যে ২৫-৩০ জন সক্রিয়। গতকাল গ্রেপ্তার হওয়া সাতজন আল্লাহর দলের সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে দলটির সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আল্লাহর দলের থানা কমান্ডার সালাহউদ্দিন ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই বছর ধরে ওই সাতজন শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। মতিন মেহেদী তাঁদের দলের প্রধান বলে পুলিশকে জানিয়েছেন।